ইসরায়েল সোমালিল্যান্ডে গেলে হামলার হুমকি হুথি নেতার
অনলাইন ডেস্ক
সোমালিল্যান্ডে ইসরায়েলের কূটনৈতিক, সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত যেকোনো উপস্থিতি স্বাভাবিক সম্পর্ক হিসেবে দেখছে না ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা হুমকি দিয়েছে, সোমালিল্যান্ডে ইসরায়েলের যেকোনো ধরনের উপস্থিতি ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইরানসমর্থিত এই গোষ্ঠীটি।
বিবৃতিতে হুথি বিদ্রোহীদের নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, ‘সোমালিল্যান্ডে ইসরায়েলের যেকোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য সামরিক লক্ষ্য হিসেবে দেখব। এটি স্পষ্টতই সোমালিয়া ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন। একই সঙ্গে গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।’
হুথি প্রধান বলেন, ‘ইসরায়েল সোমালিল্যান্ড নিয়ে কোনো ধরনের বাস্তবিক পদক্ষেপ নিলে তার গুরুতর পরিণতি হবে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া শুধু সোমালিয়া ও তার প্রতিবেশী অঞ্চলগুলোর জন্য হুমকি নয়। পাশাপাশি ইয়েমেন, লোহিত সাগর ও লোহিত সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর বিরুদ্ধেও হুমকি।’
এর আগে প্রথম দেশ হিসেবে গত শুক্রবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে আসা সোমালিল্যান্ড এডেন উপসাগরের তীরে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, সোমালিল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে ইসরায়েল লোহিত সাগরে আরও বেশি ও সহজে প্রবেশের সুযোগ পাবে। যা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে পারে।
সূত্র: আরটি, টাইমস অব ইসরায়েল
