ইসলামাবাদে শান্তি আলোচনার ব্যর্থতায় আমি বিস্মিত হইনি: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান শান্তি আলোচনার ফলাফল নিয়ে নিজের স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। গত সপ্তাহে ইসলামাবাদের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই আলোচনা থেকে ইতিবাচক কিছু আসার ব্যাপারে শুরু থেকেই তার প্রত্যাশা খুব কম ছিল বলে তিনি মন্তব্য করেছেন।

আজ সকালে বার্লিনে এক বিবৃতিতে চ্যান্সেলর মের্জ বলেন, ইসলামাবাদে আলোচনা স্থগিত হওয়ার সিদ্ধান্তে আমি মোটেও অবাক হইনি। শুরু থেকেই আমার মনে হয়েছিল যে এই আলোচনার প্রস্তুতি যথেষ্ট ছিল না।

কূটনৈতিক সমাধানের পথটি যে বেশ দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ, সেই বাস্তবতার দিকে ইঙ্গিত করে তিনি আরও জানান, চলমান সংকটের অর্থনৈতিক প্রভাব দীর্ঘ সময় ধরে বিশ্ববাসীকে বইতে হবে। তার মতে, যুদ্ধ শেষ হলেও এর জের কাটতে অনেকটা সময় লাগবে। গত সপ্তাহেও এক সংবাদ সম্মেলনে মের্জ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, স্থায়ী শান্তি এখনো অনেক দূরের পথ।

এদিকে আজ বিকেলে বার্লিনে চ্যান্সেলরের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি অবসানের একমাত্র উপায় হলো কূটনৈতিক পথ এবং জার্মানি এই প্রক্রিয়ার সফলতার ব্যাপারে গভীরভাবে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অবরোধের হুমকির বিষয়েও কথা বলেন তিনি। মুখপাত্রের মতে, ট্রাম্পের এই মন্তব্য মূলত চাপ সৃষ্টির একটি কৌশল। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানান, এই অবরোধ সম্ভবত পুরো প্রণালির বদলে শুধুমাত্র ইরানের বন্দরগুলোর ওপর কার্যকর করা হবে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights