ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল রোবো ফেস্ট’ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা। রাজধানীর আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার থেকে শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এতে দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা। সেইসাথে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব; যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকার, ইত্যাদি।
ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আহমেদ ওয়াফিস রেজাসহ আরও অনেকে।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘প্রথম শিল্প বিপ্লবের ফলে আমাদের অঞ্চলের মানুষ উদ্যোক্তা থেকে প্রজায় রূপান্তরিত হয়েছিল, বিকশিত হয়েছিল ইউরোপ কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবের আগেই আমাদের তৈরি হতে হবে যেন এবারে আমরা বিপ্লবের অগ্রভাগে থাকতে পারি।’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই রোবোটিক্স প্রতিযোগিতা সেই প্রস্তুতির জন্য বিশেষভাবে অবদান রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights