ইস্তাম্বুলের ‘নীল মসজিদ’ পরিদর্শন করলেন পোপ লিও

অনলাইন ডেস্ক
তুরস্ক সফরের তৃতীয় দিনে পোপ লিও চতুর্দশ ইস্তাম্বুলের ‘সুলতান আহমেদ মসজিদ’ পরিদর্শন করেন। গুরুত্বপূর্ণ এই মসজিদটি ‘নীল মসজিদ’ নামেও পরিচিত। উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ (প্রথম) ১৬১৭ সালে কনস্টান্টিনোপলের গ্রেট প্যালেসের অংশে মসজিদটির নির্মাণ সম্পন্ন হয়েছিল।

ভ্যাটিকানের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলছে, ‘পোপ নীরবে, স্মৃতিচারণে এবং মনোযোগ সহকারে শ্রবণ করার মনোভাব নিয়ে, স্থানটির প্রতি এবং সেখানে প্রার্থনায় সমবেত ব্যক্তিদের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা উপভোগ করেছেন।’

মসজিদটির ভবনের দেয়ালে লাগানো ইজনিকের ২১ হাজারেরও বেশি সিরামিক টাইলস- প্রধানত নীল এবং ফিরোজা। এই বিশিষ্টই মসজিদটির ডাকনাম ‘নীল মসজিদ’-এর উদ্ভব ঘটিয়েছে।

শনিবার সকালে মসজিদ পরিদর্শনের সময় পোপের সঙ্গে ছিলেন, তুর্কি সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়, ইস্তাম্বুলের প্রাদেশিক মুফতি এমরুল্লাহ টুনসেল এবং সুলতান আহমেদ মসজিদের ইমাম কুরা হাফিজ ফাতিহ কায়া। মুয়াজ্জিন মুসা আসগিন টুনকা পোপের মসজিদ পরিদর্শনের নেতৃত্ব দেন।

পোপ লিও হলেন তৃতীয় পোপ, যিনি নীল মসজিদ পরিদর্শন করেছেন। তার পূর্বসূরি ফ্রান্সিস (২০১৪ সালে) এবং বেনেডিক্ট ষোড়শ (২০০৬ সালে) এটি পরিদর্শন করেন।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights