ইস্তাম্বুলের মেয়র গ্রেফতার, ব্যাপক বিক্ষোভ
অনলাইন ডেস্ক
দুর্নীতির দায়ে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেফতার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নেওয়া হয়েছে।
এদিকে ইমামোগলুর গ্রেফতারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইস্তাম্বুল। গত পাঁচদিন ধরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রবিবার সেই বিক্ষোভে যোগ দেন ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলু।
বিশাল জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।”
তিনি আরও বলেন, “একরেমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকেই নিতে হবে।”
উল্লেখ্য, একরেম ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘোরতর বিরোধী। ইস্তাম্বুলে তিনি মেয়র হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াই করছিলেন। অভিযোগ, সে কারণেই অন্যায়ভাবে তাকে জেলে ভরা হয়েছে।
এদিকে রবিবার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “যেভাবে ইমামোগলু এবং তার সহকারীদের গ্রেফতার করা হয়েছে তা গণতন্ত্রের ওপর আঘাত।”
ওই বিবৃতি বলা হয়েছে, গত ২০ বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী স্বরকে সম্মান দেওয়ার শপথ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে সে কাজ তিনি করছেন না।
