ই-সেবায় শিক্ষক তথ্য হালনাগাদের নির্দেশনা দিল কারিগরি শিক্ষা বোর্ড
অনলাইন ডেস্ক
ই-সেবার মাধ্যমে শিক্ষক তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রম পরিচালনাকারী সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পাঠদানকারী শিক্ষকদের তথ্য আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। চলমান বোর্ড মূল্যায়ন পর্বগুলো—১ম ২০২৫–২৬, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষক তথ্য আগামী ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করতে হবে।
রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ডিপ্লোমা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো আবুল কালাম আজাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগীয় প্রধান, চিফ ইন্সট্রাক্টর, উপাধ্যক্ষ, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষকদের নাম, পদবি, নিজ নামে সোনালী ব্যাংকের হিসাব নম্বর, মোবাইল নম্বর, শাখা নাম এবং চলমান পর্বে পাঠদানকারী বিষয়গুলো ই-সেবায় এন্ট্রি ও হালনাগাদ করতে হবে। পূর্বে এন্ট্রি দেওয়া তথ্যও সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ আছে, বোর্ডের সব বিল সংক্রান্ত কার্যক্রমে নাম অঙ্কিত সিল ব্যবহার বাধ্যতামূলক এবং একবার এন্ট্রি দেওয়ার পর ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। ভবিষ্যতে শিক্ষক নিয়োগ ও বোর্ডের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ই-সেবায় থাকা এই তথ্যের ওপর নির্ভর করবে।
ই-সেবায় তথ্য পাঠাতে www.bteb.gov.bd
ওয়েবসাইটে সাইন-ইন করে Institute Teacher Entry Menu ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড সংগ্রহে প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং জমা দেওয়ার আগে ওটিপি গ্রহণ ও প্রদান বাধ্যতামূলক। প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৫৫০৬২০৬০৪ নম্বরে।
তথ্য এন্ট্রির সময় চাকরির ধরন—রাজস্ব খাতভুক্ত, প্রকল্পভিত্তিক, ইন্সট্রাক্টর ইউআরপি, ওয়ার্কশপ সুপার ইউআরপি, জুনিয়র ইন্সট্রাক্টর ইউআরপি সঠিকভাবে নির্বাচন করতে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতায় অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অর্জিত সর্বশেষ তথ্য যুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকরা তাদের টেকনোলজি ও পাঠদানের সঙ্গে মিল রেখে সর্বোচ্চ চারটি বিষয় বেছে নেবেন। বোর্ডের কাজে আগ্রহী বলে উল্লেখ করতে পারবেন—প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, পরীক্ষা, মূল্যায়ন বা নিরীক্ষণ। কেউ আগ্রহী না হলে আগ্রহী নন মর্মে এন্ট্রি করতে হবে।
শিক্ষক তথ্য এন্ট্রি বা সংশোধনের আগে প্রতিষ্ঠান প্রধানদের যাচাই করে নিশ্চিত হওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
