ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার পূর্ব গোমাতলী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি মূলত কক্সবাজার শহরে বসবাস করতেন। রোববার সন্ধ্যায় বাড়িতে আসেন। রাতে তাঁর ছোট ভাই বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কলিম উল্লাহ জানান, মিছবাহ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষার কাজও সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights