ঈদযাত্রায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় শতাধিক কোচ মেরামতের উদ্যোগ
নীলফামারী প্রতিনিধি
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনের জন্য ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ে কারখানার স্বাভাবিক কাজের পাশাপাশি এসব কোচ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ঈদে ঘরমুখী যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য যাত্রীসেবার কথা চিন্তা করে কোচ মেরামত করে থাকে। তীব্র জনবল সংকটেও রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা এবারও ঈদুল ফিতরের জন্য ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছেন। যা গেল বছরের চেয়ে ৬১টি কম।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি শপে (উপ-কারখানা) ১০৬টি কোচ মেরামতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৬০টি ব্রডগেজ (বড় লাইন) লাইনের ও ৪৬টি মিটার গেজ (ছোট লাইন) রয়েছে। এসব কোচ মেরামতে মাত্র ৩৯ দিন কর্মদিবস হাতে পেয়েছেন কর্মকর্তা-কর্মচারী।
গত বছর ঈদুল ফিতরে ১৬৭টি কোচ মেরামত করা হয়েছিল এ কারখানায়। মেরামত করা কোচগুলো আগামী ১৪ মার্চের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। শেষ দিন পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশিসংখ্যক কোচ মেরামত হতে পারে বলে কর্মকর্তারা আশা করেছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে হচ্ছে নিরাপদ সেবা খাত। প্রতি বছর যাত্রীসেবা দিতে আমরা বিপুল পরিমাণ কোচ মেরামত করে থাকি। এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হয়। এ ছাড়াও আন্তনগর কোচগুলোতেও কোচ সংযোজন করা হয়। ফলে স্বজনরা নিরাপদে পরিবারের কাছে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন।
রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত দ্বিতীয় রেলওয়ে কারখানাতেও ঈদযাত্রায় যাত্রী পরিবহনের জন্য ১০০টি মিটার গেজ লাইনের কোচ মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে।
