ঈদের আগেই মৈনট ঘাটে স্পিডবোটের ভাড়া বেড়েছে
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর মৈনট নৌ পথের মৈনট অংশে ঈদের আগইে বাড়ানো হয়েছে স্পিডবোটের ভাড়া। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। মঙ্গলবার থেকে যাত্রী প্রতি ৫০ টাকা বেশি নিচ্ছে ঘাট কর্তৃপক্ষ। তবে বাড়েনি লঞ্চ ভাড়া।
২০২২ সালের ১৯ অক্টেবর থেকে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে চরভদ্রাসনের গোপালপুর ও ঢাকা জেলার মৈনট নৌ পথে চালু হয় লঞ্চ সার্ভিস। কিন্তু স্পিডবোটের নিয়ন্ত্রণ রয়েছে উপজেলা প্রশাসনের হাতে। তারা খাস আদায় করতে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাড়া আদায় করলেও যাত্রী প্রতি সর্বশেষ ১৫০ টাকা ভাড়া আদায় করা হতো স্পিডবোটে।
দোহার থেকে আসা সদরপুরের চর চাদপুর গ্রামের নিতিশ মজুমদার বলেন, দুইদিন আগেও ১৫০ টাকা ভাড়া ছিল। এখন ৫০ টাকা বাড়ায় দিলো। আবারও কি আগের মতো হয়ে গেলো?
গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের অনিক বলেন, ঈদে বাড়িতে আসলাম। তবে ভাড়া আগের থেকে বেশি রাখলো।
এ বিষয়ে মুঠোফোনে মৈনট ঘাটের স্পিডবোটের ভাড়া আদায়কারী শেখ খায়ের দুইশত টাকা ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলেন, গোপালপুর থেকে বোট খালি আসে, তাই তেল খরচের জন্য দুইশত টাকা করে নেওয়া হচ্ছে।
দোহার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, গতকাল থেকে ভাড়া বেশি নিচ্ছে বলে জানতে পেরেছি। ওই পাড় থেকে বোট খালি আসার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশের সাথে কথা বলে দেখি কি করা যায়।
