ঈদের আগে ব্রাজিলের গরু আমদানি সম্ভব

নিজস্ব প্রতিবেদক
অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তিনি বলেন, কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। দূরত্ব বিবেচনায় বিষয়টি জটিল। বাংলাদেশ সরকার অনুমতি দিলে আগামী জুনের ভিতর জীবন্ত গরু আনা সম্ভব। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, জুলাইয়ে প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি তিনি ব্রাজিল যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তা হয়তো সই হতে পারে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে বলে জানান পাওলো ফার্নান্দো।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। ভারত ব্রাজিল থেকে প্রচুর ইথানল কেনে। কভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে বিশ্ব। জ্বালানি তেলের দাম বাড়ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে। ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের বড় বাজার হতে পারে।

দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের মাধ্যমে। এটাই সবচেয়ে উত্তম সমাধান।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights