ঈদের ছুটিতেও চালু ছিল বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও চালু ছিল বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রসমূহ। সেবাকেন্দ্রগুলোতে প্রসবপূর্ব (এএনসি) সেবা, প্রসবসেবা, প্রসবোত্তর (পিএনসি) সেবা, শিশু সেবা, কৈশোরকালীন সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়।
জেলার ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ৭১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকেন্দ্র থেকে এসব সেবা প্রদান করা হয়।
জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র এর তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখেন। ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। তারা এরকম কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ছুটির মধ্যেও ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৬ জনকে প্রসব সেবা, ৩১ জনকে প্রসবপূর্ব সেবা (এএনসি), ১৫ জনকে প্রসবোত্তর সেবা (পিএনসি), ৪২ জন শিশু এবং ১০৯ জন সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা বিষয়ক সেবাও প্রদান করা হয়েছে।
