ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব যৌক্তিক : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটা এখনো হয়নি। এটা তো জানেন, এটা কেবিনেটে সিদ্ধান্ত হতে হবে। কেবিনেটে উত্থাপিত হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। এটা একটা প্রস্তাব, আমরা মনে করি এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশটি কেবিনেটে গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।’

আজ রবিবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি, মহাসড়কে আমরা কোনো হাট বসতে দেবো না। মহাসড়কে যাতে হাট না আসে, মহাসড়কের আশপাশে যারা হাট করছেন তাদের দায়িত্ব থাকবে কোনোক্রমেই যাতে মহাসড়কে পশু প্রবেশ করতে না পারে। আমাদের নিরাপত্তা বাহিনীও এ ব্যাপারে খেয়াল রাখবে।’
সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ কোরবানির পশুবাহী যানবাহন থামাতে পারবে না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘কোরবানির পশু ঠিকমতো যাতে শহরে ঢুকতে পারে এবং পরিবহন যাতে সুন্দর হয়, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচটাওয়ার বসাবো। পশুর হাটগুলো সিসি ক্যামেরায় আবৃত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights