ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে থানা ঘেরাও
পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ঈশ্বরদী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী থানার সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা থানার প্রধান ফটক ঘেরাও করে সেখানে অবস্থান নেন।
সমাবেশ থেকে নেতাকর্মীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তার এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
পরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান এসে আন্দোলনকারীদের সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওসির আশ্বাসে নেতাকর্মীরা থানার গেট ছেড়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
এ বিষয়ে ওসি মমিনুজ্জামান জানান, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত এজাহার দাখিল করা হয়নি। তবে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার অভিযান পরিচালনা করছে।
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ঈশ্বরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রিসাদ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, নিহত সোহাগের ছোট ভাই ও ছাত্রনেতা রোহান হোসেনসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা সাড়া গোপালপুর স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
