উঁচু পাহাড় থেকে পড়ে ফেটে গেছে শরীরের বিভিন্ন অংশ, ব্যথায় কাতরাচ্ছিল মা হাতিটি

কক্সবাজার প্রতিনিধি

টানা বর্ষণের পর পাহাড়ি বনপথ তখন বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল। সেই পথ ধরেই হয়তো নিরাপদ আশ্রয় কিংবা খাবারের সন্ধানে এগিয়ে যাচ্ছিল একটি বন্য মা হাতি। কিন্তু হঠাৎই ভারসাম্য হারিয়ে উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে যায় বিশালদেহী প্রাণীটি। মুহূর্তেই নিস্তব্ধ বনাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে তার যন্ত্রণাকাতর আর্তনাদ।

শনিবার (১১ জুলাই) সকালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার সদর এলাকার উঠনী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি পথ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, চলাচলের সময় প্রায় ২ থেকে ৩ ফুট উঁচু একটি ঢাল বেয়ে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় মা হাতিটি। এতে তার শরীরের একাধিক অংশ ফেটে গেছে। এছাড়া একাধিক জায়গায় আঘাত পেয়েছে হাতিটি। বিশেষ করে একটি পা ও পেটে গুরুতর জখম হয়। আঘাতের পর দীর্ঘ সময় ব্যথায় কাতরাতে দেখা যায় প্রাণীটিকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনবিভাগের কর্মকর্তারা। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আহত হাতিটির চিকিৎসার জন্য পাঠানো হয় একটি ভেটেরিনারি মেডিকেল টিম। চিকিৎসকরা হাতিটির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

বনবিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত হাতিটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার আঘাতের মাত্রা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা ও সেবার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি হাতিটি যাতে নিরাপদ ও শান্ত পরিবেশে সুস্থ হয়ে উঠতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে টেকনাফের বনাঞ্চলে বন্য হাতির চলাচল স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে টানা বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে পড়ায় মানুষ যেমন দুর্ঘটনার ঝুঁকিতে থাকে, তেমনি বন্য প্রাণীরাও নানা দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় সেই বাস্তবতাই আবারও সামনে এলো।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, চিকিৎসক দল হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। হাতিটি যাতে নিরাপদ পরিবেশে সুস্থ হয়ে উঠতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights