উখিয়ায় খালে ভেসে এলো অজ্ঞাত লাশ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মিয়ানমার সীমান্ত থেকে বালুখালীর তেলিপাড়া খালে লাশ ভেসে আসার পর উৎসুক জনতার ভিড়।
মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে কক্সবাজারের উখিয়ার বালুখালি খালে অজ্ঞাত একটি লাশ ভেসে এসেছে। এ লাশ দেখার জন্য অনেকেই সেখানে ভিড় জমাচ্ছেন।
রবিবার দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালি খালে এ লাশ জোয়ারের পানিতে ভেসে আসলো।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বালুখালি এলাকার মুদির দোকানদার মিসবাহ উদ্দিন জানান বলেন, আমরা এপার থেকে শুনতে পাই মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দ। সীমান্তের কাছে আমার ঘর ও দোকান রয়েছে। শনিবার বালুখালি খালে অজ্ঞাত লাশটি নাফ নদী হয়ে জোয়ারের পানিতে ভেসে আসলো। পরে দেখলাম সেটি সরে দূরে চলে গিয়েছিল।
তিনি আরও বলেন, রবিবার দুপুর ১২টার দিকে লাশটা আবারও ভেসে আসলো। এখনো সেটি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, বালুখালি খালে একটি লাশ ভেসে আসছে বলে খবর পেয়েছি। তবে সেটি উদ্ধার করতে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
