উখিয়ায় যৌথ অভিযানে ১৩০ বস্তা সার উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও উপজেলা কৃষি বিভাগের যৌথ অভিযানে ১৩০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় লম্বা কালুর দোকানের পাশের এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৬৪ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে কালাম উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের (৪৫) কাছ থেকে ৭২ বস্তা,
দুদু মিয়ার কাছ থেকে ২১ বস্তা এবং মোহাম্মদ সোলেমানের পুত্র মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যানুযায়ী, উদ্ধারকৃত সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। মিয়ানমারে সার চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুদুমিয়ার পুত্র সাগর, আলী আকবরের পুত্র ‘সোনা মিয়া, আবদুল জব্বারের পুত্র নুর মোহাম্মদ, আকবর আলীর পুত্র, নুরুল ইসলামের পুত্র বাদশা মিয়ার নাম আলোচনায় রয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে প্রশাসন তৎপর রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, কৃষি উপকরণ কৃষকের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ বা সীমান্ত দিয়ে পাচারের কোনো সুযোগ নেই। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশাসন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়েছে। কৃষি উপকরণ যাতে কোনোভাবেই অবৈধভাবে পাচার না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির সুবেদার তরিকুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় সারসহ যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights