উখিয়ায় ২৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রবিবার সকাল ৬টার দিকে উপজেলার পালংখালীর সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ও ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা।

এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেট ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights