উত্তরায় ফুটবল মাঠে তালা
ক্রীড়া প্রতিবেদক
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রশিক্ষণের জন্য পরিচালিত ‘নর্থ এরিনা ইনডোর ফুটবল মাঠ’ বন্ধ করে দিয়েছে স্থানীয় ওয়েলফেয়ার সোসাইটি। খেলাধুলার সময় সৃষ্ট শব্দে বাসিন্দাদের ভোগান্তির অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠ বন্ধ হয়ে যাওয়ায় শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেছে মাঠ কর্তৃপক্ষ ও অভিভাবকরা। গত ১৮ আগস্ট নর্থ এরিনা কর্তৃপক্ষকে দেওয়া এক নোটিসে উত্তরা ৭ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি জানায়, আবাসিক এলাকায় মাঠ পরিচালনার কারণে স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে খেলাধুলার সময় উচ্চ শব্দ ও চিৎকারে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি হচ্ছে। এ কারণে ২৫ আগস্ট থেকে মাঠটি সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সোসাইটির সভাপতি মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের স্বাক্ষরে এই নোটিস দেওয়া হয়।
এ বিষয়ে নর্থ এরিনার স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক শাওন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাঠটিতে অনেক দরিদ্র ও ক্রীড়াপ্রেমী শিশু-কিশোর বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ পায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হওয়ার পাশাপাশি দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে। মাঠটি বন্ধ করে দেওয়ায় সেই সুযোগ ব্যাহত হচ্ছে। এদিকে মাঠ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশিক্ষণার্থী শিশু-কিশোরদের অভিভাবকেরা সম্প্রতি মানববন্ধন করেন। সেখানে তারা বলেন, ঢাকা শহরে শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। সপ্তাহে তিন দিন এ মাঠে তাদের সন্তানরা খেলাধুলা ও প্রশিক্ষণে অংশ নেয়। মাঠটি বন্ধ হয়ে গেলে শিশুদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। তাই শিশুদের স্বার্থে মাঠটি পুনরায় চালুর দাবি জানান তারা।
