উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়া আবারও বিশ্ববাসীর নজর কাড়লো। কারণ উত্তর কোরিয়া এমন একটি উন্নত যুদ্ধজাহাজ নির্মাণ করছে, যা দেশটির সামরিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এমন একটি যুদ্ধজাহাজ, যা হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এবং একইসঙ্গে প্রযুক্তিগতভাবে উন্নত। সামরিক শক্তি বাড়ানোর উত্তর কোরিয়ার এই প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পশ্চিম উপকূলের নামপো শিপইয়ার্ড কমপ্লেক্সে প্রায় ১৪০ মিটার (৪৬০ ফুট) দৈর্ঘ্যের একটি গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণাধীন রয়েছে। জাহাজটি এখন ফিটিং আউট পর্যায়ে আছে- অর্থাৎ এর অভ্যন্তরীণ অবকাঠামো প্রস্তুত হচ্ছে এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম স্থাপন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধজাহাজে থাকতে পারে ভিএলএস লঞ্চ সিস্টেম, যা থেকে ভূমি-আকাশ বা সমুদ্রে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা সম্ভব হবে। উত্তর কোরিয়ার নৌবাহিনীর ইতিহাসে এমন ক্ষমতা আগে দেখা যায়নি।

যদিও দেশটির নৌবাহিনী সাধারণত উপকূলবর্তী অঞ্চলে সীমাবদ্ধ থাকে, তবুও এই জাহাজ নির্মাণ দেশটির সামুদ্রিক আধিপত্য বিস্তারের সংকেত দিচ্ছে। সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে এটিকে কৌশলগত অগ্রগতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে, উত্তর কোরিয়া একটি পারমাণবিক চালিত সাবমেরিনও উন্মোচন করেছিল, যা ৬ হাজার থেকে ৭ হাজার টন ওজনের এবং ১০টি পারমাণবিক মিসাইল বহনে সক্ষম। এইসব পদক্ষেপ উত্তর কোরিয়ার শক্তি প্রদর্শন এবং আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থান পুনঃনির্ধারণের স্পষ্ট ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights