উত্তর কোরিয়ার চেয়েও নিচে, বিশ্বে সপ্তম দুর্বল অবস্থানে বাংলাদেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক
বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে। এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারি সংস্করণে এমন তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত সর্বশেষ সূচকে ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৫তম। তালিকায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আগের সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সে সময়েও এটি বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত হয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়া, ধ্বংসস্তূপে থাকা ফিলিস্তিন যৌথভাবে তালিকার ৯৪তম স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৩৮টি দেশে যেতে পারেন। অথচ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ৩৭টি গন্তব্যে।

ভিসা ছাড়া কয়টি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই সূচকে মোট ১০১টি অবস্থান নির্ধারণ করা হয়েছে। কিছু কিছু অবস্থানে একাধিক দেশ রয়েছে।

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৮টি দেশে। তৃতীয় স্থানে অবস্থান করছে ইউরোপের পাঁচটি দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৮৬টি দেশে যেতে পারেন।

তালিকার একেবারে নিচের পাঁচটি দেশ হলো পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান। ২০ বছরের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স একমাত্র সূচক, যা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি আইএটিএর তথ্য ব্যবহার করে প্রস্তুত করা হয়।

এই সূচকে ১৯৯টি ভিন্ন দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বজুড়ে পাসপোর্টের সক্ষমতা যাচাইয়ে এটিকেই সবচেয়ে প্রামাণ্য সূচক হিসেবে বিবেচনা করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। তালিকায় দেশটির অবস্থান ৫২তম। মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে যেতে পারেন।

এরপর রয়েছে ভারত ৮০তম, ভুটান ৮৫তম, শ্রীলঙ্কা ৯৩তম অবস্থানে। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৫৫, ৫০, ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল ৯৬তম, পাকিস্তান ৯৮তম, আফগানিস্তান ১০১তম অবস্থানে। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩৫, ৩১, ২৪টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights