উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: প্রিন্স

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সমাজের পিছিয়ে থাকা অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতারও দাবি। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না।

বুধবার ময়মনসিংহের গৌরীপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ‌একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। মানবিক বাংলাদেশ গড়ার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্স বলেন, ‌জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণের দর্শন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সাধারণ মানুষকে।

তিনি বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়লে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সরকারের নীতি ও জনগণের প্রত্যাশার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলে মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি করতে হবে।

সফরকালে তিনি ময়মনসিংহ জেলা পরিষদের বাস্তবায়নাধীন বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল হক, ময়মনসিংহ জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, সার্ভেয়ার ফিরোজ আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউম্যান’র সভাপতি ফেরদৌসী বেগম, উপজেলা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলসহ প্রশাসন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights