উন্নয়ন না ধ্বংস, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়ন নাকি ধ্বংস চায়। দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হলে জনগণকে নৌকার পক্ষেই রায় দিতে হবে।’

আজ শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের নামে তারাই মায়াকান্না করছে, যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনেছিল, কার্ফু দিয়ে সরকার চালিয়েছিল। তারা বিচার হতে না দিয়ে হত্যাকারীদের দায়মুক্তি দেয়। আর মানবাধিকারের নামে তাদের পাশে দাঁড়িয়েছে একাত্তরের স্বাধীনতাবিরোধী সেই পরাশক্তি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ডা. দীপু মনি বলেন, ‘উনারা রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অনুসারীদের দিয়ে উপাচার্যের কক্ষ দখল করেছিল। তারা সবকিছু তাদের হিসাব দিয়ে বিবেচনা করেন। যারা নর্দমার কীট, তাদের নজরটাও নর্দমায় থাকে। যারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল, যারা শিক্ষাঙ্গণে অস্ত্র নিয়ে এসেছিল, তারাই এরকম অমর্যাদাকর বক্তব্য দিতে পারে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. দীপু মনি। এসময় তিনি নিজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। এছাড়া ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৭০ জন চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। যবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী এ ক্যাম্পে তিন হাজার রোগী ওষুধসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights