উপকূলীয় এলাকায় বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

লঘুচাপের প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। একের পর এক ছোট-বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। উপকূলীয় আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো মেঘ। বুধবার ভোররাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত।

বাতাসের তীব্রতা না বাড়লেও অমাবস্যার জোয়ারের কারণে সাগরসহ নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে জোয়ারের সময় প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights