‘উরুগুয়ের জন্য কিছুই করতে পারলাম না’, ব্যর্থতার দায় নিলেন বিয়েলসা

অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে। হতাশাজনক এই ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন দলের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। তার মতে, তিন বছর দায়িত্বে থেকেও উরুগুয়ের ফুটবলে স্মরণীয় কোনো অবদান রাখতে পারেননি তিনি।

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথা জানান ৭০ বছর বয়সী এই কোচ।

তিনি বলেন, ‘এই ব্যর্থতার জন্য আমিই দায়ী। এই পারফরম্যান্স নিয়ে আমার বলার কিছু নেই। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, উরুগুয়ের সঙ্গে আমার সময়টাকে কীভাবে মনে রাখা হবে, তাহলে বলব, এটি এমন একটি অধ্যায়, যা কিছুই রেখে যেতে পারেনি।’

১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জেতা উরুগুয়ে এবারও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে। এরপর অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের সঙ্গেও ২-২ গোলে ড্র করে চাপে পড়ে যায় দলটি। শেষ ম্যাচে স্পেনকে হারানোর বিকল্প ছিল না, কিন্তু ১-০ গোলের হারে বিদায় নিশ্চিত হয় উরুগুয়ের।

বিয়েলসা বলেন, ‘আমি উরুগুয়ের ফুটবলে কিছুই রেখে যেতে পারিনি। কারণ, যে দেশে তিন বছর কাজ করেছি, সেখানে কোনো সাফল্য না এলে সেই কাজের মূল্যায়ন হওয়ার সুযোগ থাকে না।’

স্পেনের বিপক্ষে প্রথমার্ধে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে আর খেলাননি বিয়েলসা। এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হলেও তিনি জানান, এটি ছিল খেলোয়াড়ের নিজের সিদ্ধান্ত। তিনি আরও বলেন,‘দ্বিতীয়ার্ধে না খেলার সিদ্ধান্ত মুসলেরারই ছিল। আমি তাকে তুলে নিয়েছি তার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য নয়, বরং সেটি ধরে রাখার জন্য।’

উত্তর আমেরিকার বিশ্বকাপে মাঠের বাইরের নানা মন্তব্যে আলোচনায় থাকলেও মাঠের খেলায় প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি বিয়েলসা। শেষ পর্যন্ত ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়েই বিশ্বকাপ শেষ করলেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights