উলিপুরে জমি বিরোধে প্রাণঘাতী হামলা, গুরুতর আহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬/১১/২৫

কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে প্রাণঘাতী হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে এস.এম শফিক হাসান (চয়ন) থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বজরা ইউনিয়নের হাজিরহাট সাদুয়াদামারহাট এলাকায় ৯৫ শতক জমি নিয়ে শফিক হাসানদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায়ও প্রতিপক্ষরা তাদের হত্যার হুমকি দিয়ে আসছিল।

গত ২১ নভেম্বর বিকেলে মোসলেম আলী, রতন মিয়া, খায়রুল ইসলাম দিপু, রবিউল ইসলাম, আবুল কালামসহ ৭–৮ জন দেশীয় অস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে জোর করে মাছ ধরতে থাকে। বিষয়টি জানতে পেরে শফিক হাসান ও তার বাবা শাহাদাৎ হোসেন সাজু বাধা দিলে হামলাকারীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় সাজুর মাথা, মুখমণ্ডল, চোখের নিচে ও হাতে ধারালো অস্ত্রের একাধিক কোপ লাগে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩৪টি সেলাই পড়ে এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শফিক হাসানও আহত হন এবং উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগীর দাবি, মাইদুল ইসলাম, মোকছেন আলী, ইসমাইল হোসেনসহ স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights