এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সিলেটে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এইচএসসি পরীক্ষা পেছানোসহ চারদফা দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে তারা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এসে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে কয়েক শত শিক্ষার্থী শহিদ মিনারের সামনে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সকল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় বাকবিতণ্ডা হয়।

পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে। বৃষ্টিতে ভিজে সড়ক অবরোধ করে তারা পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে প্রেরণের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।
প্রসঙ্গত, আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights