এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট। সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে।

সভা শেষে এ বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এদিকে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষাবোর্ডগুলো। এরইমধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যেই সোমবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করছেন তারা।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, “পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।”

চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

তিনি বলেন, “আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।

তপন কুমার বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

এসব দাবির বিষয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, এসব দাবি মানার মতো সময় ও সুযোগ এখন হাতে নেই। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস পরীক্ষা হতে পারলে এইচএসসি পরীক্ষা নিতে সমস্যা কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights