‘এই জোট কোনো একটি দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে গঠিত হয়নি’

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য গঠিত হয়নি। এই জোট কোনো একটি দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেও গঠিত নয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কোনো কোনো প্রার্থী অতীতের আচরণ ও স্বভাবের কারণে এখনো সেই পথ থেকে সরে আসতে প্রস্তুত নন। সন্ত্রাস বা পেশিশক্তির মাধ্যমে কেউ যদি জনগণের ব্যালটের রায় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, তাহলে আমরা বাধ্য হবো প্রতিটি কেন্দ্রেই প্রতিরোধ গড়ে তুলতে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, যারা পেশিশক্তি প্রয়োগের চিন্তা করছেন এবং সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, তাদের সতর্ক করে দিতে চাই—এই বিপজ্জনক পথে পা দেবেন না।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং ফিল্ড) নির্বাচন নিশ্চিত করবে।

এর আগে পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পথসভা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ফরিদপুরের উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights