এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

অনলাইন ডেস্ক

কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স। আফ্রিকার দেশটির লড়াকু মানসিকতা পুরো বিশ্বের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতোও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলে আফ্রিকার দলটি। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে কপাল পোড়ে তাদের। সেই গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু কেপ ভার্দে কোচ মনে করেন, এমন পরাজয়ের সঙ্গেও গৌরব মিশে থাকে।

কেপ ভার্দে কোচ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’

প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।’

খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি পরাজয়ের কষ্টকেও আড়াল করেননি কেপ ভার্দে কোচ। একইসঙ্গে দিলেন বড় দল হিসেবে গড়ে ওঠার বার্তা। ‘বুবিস্তা’ নামে পরিচিত কেপ ভার্দের এই প্রধান কোচ বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তবে দুঃখ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, তারা কাঁদছিল। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এটাই আমাদের উন্নতি করতে সাহায্য করবে।’

কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল। নকআউটে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শিরোপাজয়ী দলের বিপক্ষে ড্র করে চমক দেখায় তারা। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights