এই পারফরম্যান্সে আমি দলে জায়গা পাওয়ার যোগ্য নই: রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

২০২১ ও ২০২২ সাল ছিল পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ক্যারিয়ারের সোনালি সময়। ওই সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক রান করে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করেছিলেন তিনি। গড়েছিলেন একাধিক রেকর্ডও। তবে সময়ের সঙ্গে সেই ফর্মে ভাটা পড়ায় এখন দলে জায়গা নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

বর্তমানে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বড় ইনিংস খেলতে হিমশিম খাচ্ছেন রিজওয়ান। চলমান পাকিস্তান সুপার লিগে তিনি রান খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্বে খেলছে নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ, যারা টুর্নামেন্টের সাতটি ম্যাচেই হেরে সবার আগে ছিটকে গেছে।

টানা ব্যর্থতার কারণে রিজওয়ানের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণদের সুযোগ দেওয়া উচিত কি না।

সাংবাদিক রিজওয়ানকে প্রশ্ন করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে। আপনি কি মনে করেন যে, এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত?’

জবাবে রিজওয়ান বলেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে, সে ছক্কা মারতে পারে না।’

অবশ্য এখনই পাকিস্তানের হয়ে খেলার আশা ছাড়ছেন না রিজওয়ান, ‘আমরা মানুষ। আমি আপনাদের বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমি ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে, আমি মনোবল হারিয়ে ফেলব এবং আপনাদের সামনে অলস বসে থাকব।’

পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টি খেলা রিজওয়ান আরো বলেছেন, ‘যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, তাহলে (জাতয়ি দলে) সুযোগ পাব। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আগেও আমি আমার পাকিস্তান দলের অধিনায়কদের বলেছি, আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’

এবারের পিএসএলে ৭ ম্যাচে ১৫.২৮ গড়ে মাত্র ১০৭ রান করেছেন রিজওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights