একজন কাটছেন পকেট আরেকজন ধরে আছেন ছুরি, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে ছুরির মুখে এক রিকশাযাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি প্যাডেলচালিত রিকশার যাত্রীকে আটকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছেন। এ সময় ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘দিই দিই, আরে ভাই দিতাছি তো। একপর্যায়ে সাদা টি-শার্ট পরা একজন ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে ওই রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটতে শুরু করেন। অন্যজনও তার পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন। পরে পকেট কেটে কিছু একটা নিয়ে নেওয়া হয়।

এরপর দুই ছিনতাইকারী কাছেই দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় উঠে পালিয়ে যান। এ সময় আশপাশের ভবন থেকে লোকজন ‘মার মার’ বলে চিৎকার করেন। পরে স্থানীয়রা ‘চোর চোর’, ‘ধর ধর’ বলে রিকশাটিকে ধাওয়া দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছিনতাইকারীদের বহনকারী ব্যাটারিচালিত রিকশাটিও দেখা যায়। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) খায়রুল বাশার বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে। সব তথ্য একসঙ্গে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights