একনজরে সারাদিন ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে যা ঘটল

অনলাইন ডেস্ক
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে—এমন অভিযোগ এনে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এর জবাবে ১৩ জুন থেকে পাল্টা হামলা শুরু করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অপরদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

শুক্রবার (২০ জুন) সারাদিনে সংঘাত ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।

সেগুলো হলো

ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হয়েছে। দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তার ঝুঁকির কারণে যুক্তরাজ্য তেহরানে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাত বিশ্বকে ‘দ্রুতগতিতে’ বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা হয়েছে।
ইরান ফের ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বেজেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানকে সংঘাত বন্ধে নতুন কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স ও ইউরোপীয় মিত্ররা।
ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ জানিয়েছেন, হাসপাতালের ওপর হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘ইহুদিবাদী সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধ হলেই এ যুদ্ধ থামবে।’
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিস্থিতি তারা নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যারা হুমকি দেবে, তাদের আর সহ্য করা হবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights