একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে গেছে হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণ
হবিগঞ্জ প্রতিনিধি
মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। বাংলা ভাষার দাবিতে গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭৪ বছর পূর্ণ হলো। ইতিহাসের পাতায় আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস।
শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর সম্মানে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। ঘড়ির কাটায় ১২টা ১ মিনিটে পুস্পঞ্জলী অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পরে হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ মেডিকেল কলেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন। আর এতে করে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার প্রাঙ্গণ।
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম।
২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের।
