এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাস দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এসময় বেশকয়েকজন হতাহত হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, ‘ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’
