এক ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে ফেনী শহর

ফেনী প্রতিনিধি

টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী শহরের জনজীবন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিপাতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, সুফি সদর উদ্দিন সড়ক, পাঠানবাড়ী সড়কসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের বাসিন্দা জিয়াউর রহমান সোহেল অভিযোগ করে বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। বছরের পর বছর একই সমস্যা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।’

জলাবদ্ধতার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে রিকশাচালকদের বিরুদ্ধে। চাড়িপুর এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান জানান, মহিপাল থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত যেখানে সাধারণ সময়ে ৩০ থেকে ৪০ টাকা ভাড়া নেয়া হয়, সেখানে এখন ১০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। তিনি বলেন, ‘ছেলের এসএসসি পরীক্ষা চলছে। তাকে আনতে যেতে হচ্ছে, কিন্তু কোনো যানবাহন না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে।’

এদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights