এক টানে ধরা পড়ল ১৩০ মণ ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে এখন দেখা মিলছে ঝাঁক ঝাঁক ইলিশের। ঈদের আগে অনেক ইলিশ ধরা পড়ায় জেলেরা খুশি। সূর্য মাঝি নামের এক জেলের জালে এক টানে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ। গতকাল সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। জাল বোঝাই ইলিশের কারণে জালের একাংশ কেটে দিতে হয়। এসব ইলিশের দাম প্রায় ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন জেলেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলারে ১৭ জন জেলে বুধবার আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে তাদের জালে এসব মাছ ধরা পড়ে। একজন জেলে বলেন, দীর্ঘদিন সাগরে নোনার (জেলিফিশ) চাপ থাকায় মাছ শিকার করতে পারিনি। গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাক্সিক্ষত পরিমাণ মাছ ধরা পড়ছে। জেলে সূর্য মাঝি বলেন, এক টানেই ধরা পড়ে ১৩০ মণ ইলিশ। তাদের জালে এর আগে কখনো একসঙ্গে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি বলে তিনি জানান। আলীপুর মৎস্য বন্দরের ধুলাসার ফিশের ম্যানেজার আকাশ শীল বলেন, ইউসুফ কোম্পানির গদিতে শুক্রবার রাত থেকে ইলিশ কেনা শুরু হয়েছে। এক দিনে তারা ২৫ লাখ টাকার ইলিশ কিনেছেন। গতকালও ইলিশ কিনেছেন। তবে কত টাকার ইলিশ কিনছেন তা তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights