এক ডজন কারণে বাতিল ৭২৩ প্রার্থীর মনোনয়ন

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রায় এক ডজন আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ইসি নির্ধারিত সময় অনুযায়ী গত ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। এ সময় ৩ হাজার ৪০৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ২ হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে ১ হাজার ৮৪২ জনকে। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র তার মৃত্যুর কারণে বাছাইয়ের জন্য বিবেচনায় নেওয়া হয়নি।

বাতিল হওয়া ৭২৩টি মনোনয়নপত্রের মধ্যে প্রায় ৩৫০টি স্বতন্ত্র প্রার্থীর। বাকি মনোনয়নপত্রগুলো ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের।

দলভিত্তিক হিসাবে বিএনপির ২৭, জামায়াতে ইসলামীর ৯, জাতীয় পার্টির ৫৭ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ইসি সূত্র জানায়, বিএনপির বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই দলীয় পরিচয়ে মনোনয়নপত্র জমা দিলেও দলের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দাখিল করেননি। বিএনপির পরিচয়ে মোট ৩৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জামায়াতে ইসলামীর ২৭৬ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ২২৭ জন, বাতিল হয়েছেন ৪১ জন। সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির। দলটির ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights