এক দিনে ১৮ যমজ শিশুর জন্ম বর্ধমান হাসপাতালে
দীপক দেবনাথ, কলকাতা
এক দিনে ৯ জোড়া বা ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। এমন বিরল ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নবাগত এই ১৮ শিশুর মধ্যে ১১ জন কন্যাসন্তান, সাতজন পুত্র সন্তান। মা ও শিশুরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে পাঁচজন শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) তাপস ঘোষ জানান ‘গত ২৪ ঘণ্টায় প্রসূতি বিভাগে নয়জন প্রসূতির জোড়া বাচ্চা হয়েছে। যেটা বলতে পারেন একটা অভূতপূর্ব সাফল্য। আমাদের রাজ্যে কোনো মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টায় সাধারণত ৩-৪ জোড়া যমজ সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড আছে। কিন্তু এক দিনে এত জমজ সন্তানের জন্ম হয়তো হয়নি।’ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান চিকিৎসক ডা. মলয় সরকার জানান, পরিসংখ্যান অনুযায়ী সাধারণত ৮০ জনের মধ্যে একজনের ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। তিনি জানান, যমজ শিশু জন্ম দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কারণ দুটি শিশুর ওজন সিঙ্গেল প্রেগনেন্সির থেকে কম হয়, ফলে ঝুঁকি থেকেই যায়। তাছাড়া এটি একটি রেফারেল হাসপাতাল, তাই অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। কিন্তু এই সন্তান প্রসবের ক্ষেত্রে হাসপাতালের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সসহ হাসপাতালের কর্মীরা চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সফলতার সঙ্গে সেটি হয়েছে।
