এক মামলায় হাসিনা জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ
আদালত প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ২৭-এ সাহেদ আলী আহত হওয়ার ঘটনায় হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পিবিআই। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে বাদীর আপত্তির বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি ২৭-এ আহত হন সাহেদ আলী। সে সময় ঢাকা কলেজ, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে সাহেদের কথিত ভাই শরীফ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। থানা-পুলিশ মামলার তদন্তকালে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন শাকিল হোসেন ইমরান, কামরুল হাসান ওরফে কামু, মারুফ হোসেন ও মাসুদ রানা বেপারী। এরপর মামলার তদন্তভার পায় পিবিআই।
তদন্ত করে আহতদের খুঁজে পাননি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর শাহজাহান ভূঞা। এমনকি সাক্ষীদেরও পাওয়া যায়নি। তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ ১১৩ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি শামীম ওসমান।
এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহজাহান ভূঞা বলেন, জুলাই আন্দোলনে আহতদের নিয়ে গেজেট হয়েছে। এ মামলায় যেসব আহতের কথা বলা হয়েছে, গেজেটে তাদের নাম পাওয়া যায়নি।
