এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট ও আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ব্যারিস্টার খোকনের

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট ও দেশের সব আদালত আগামী এক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে অভিযোগ থাকা জুডিশিয়াল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বস্তি উচ্ছেদ এবং আপিল বিভাগে অন্তত তিনটি বেঞ্চ গঠনের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মামলার তদবিরে দুর্নীতি, লিস্ট আনতে দুর্নীতি, শুনানিতে দুর্নীতি। কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টে সব জায়গাতেই দুর্নীতির অভিযোগ রয়েছে। হাইকোর্টে লিস্টে আনতে দুর্নীতি, সুপ্রিম কোর্টে লিস্টে আনতে দুর্নীতি, এসব আইনজীবীদের বক্তব্য।’

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব ক্ষেত্র দুর্নীতিমুক্ত করা সময়ের দাবি। কারণ অন্য কোথাও দুর্নীতি থাকলেও তার বিচার হয় আদালতে। কিন্তু বিচারপ্রার্থীদের যদি মামলা পরিচালনার সময় তদবির করতে হয় বা বিভিন্ন জায়গায় অর্থ ব্যয় করতে হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক।

মাহবুব উদ্দিন খোকন বলেন, এর আগেও তিনি বিষয়টি তুলে ধরেছেন। আগামী এক মাসের মধ্যে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং দেশের প্রতিটি আদালত দুর্নীতিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। যেসব জুডিশিয়াল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক আচরণের অভিযোগ থাকা কিছু বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানোর দাবি জানান সমিতির সভাপতি।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে অনেক বিচারপতির আচরণ ছিল রাজনৈতিক। তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’

ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এক মাসের মধ্যে বস্তি উচ্ছেদের দাবি জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনজীবীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। স্থায়ী অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত অস্থায়ী শেড নির্মাণের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া আইনজীবীদের জন্য পৃথক ভবন, কিউবিক্যাল ও হলরুম নির্মাণের দাবিও জানান তিনি। এসব দাবি আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন না হলে সুপ্রিম কোর্টের আইনজীবীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে সতর্ক করেন।

এক সপ্তাহ পর সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে যাবে উল্লেখ করে তিনি বলেন, আদালত খোলার আগেই আপিল বিভাগে অন্তত তিনটি বেঞ্চ গঠন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights