এক মাসে ৬০ হারানো মোবাইল উদ্ধার করলো যশোর সাইবার ক্রাইম সেল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি গত এক মাসে জেলার বিভিন্ন থানায় জিডিভুক্ত ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। একই সময়ে প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নগদ-বিকাশের ১ লাখ ৩২ হাজার টাকাও উদ্ধার করে ১১ জন ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি জানান, আগস্ট মাসে সেলটি যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ মালিকদের কাছে হস্তান্তর করে। এ সময় ১২টি ইমো ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়। থানা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নিখোঁজ ছয়জনকেও উদ্ধার করে সেলটি।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, সাইবার প্রতারণার শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধ
উদঘাটনে সেলের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights