এক সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে পরীক্ষামূলক ফুয়েল পাস
অনলাইন ডেস্ক
সপ্তাহখানেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হতে পারে ফুয়েল পাস। গতকাল সোমবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথ বলতে গিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন এ কথা জানান।
সরকার ফুয়েল পাস কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে জানতে চাইলে মনির হোসেন বলেন, আমরা এরই মধ্যে একটা অ্যাপ ডেভেলপ করছি। আমরা এটা হয়তো সপ্তাহ খানেকের মধ্যে দুই একটি জায়গায় পরীক্ষামূলকভাবে চালু করবো। আর জেলায় জেলা প্রশাসন কেউ কেউ তাদের মতো করে ম্যানুয়াল পদ্ধতিতে এটি চালু করেছে।
যুগ্মসচিব বলেন, যেহেতু এ কাজ একটু কঠিন, কারণ আমি চাইলে সহজেই এতগুলো মানুষকে একসঙ্গে নিয়ে আসতে পারবো না একটি ছাতার নিচে। তাই আমরা হয়তো কোনো সুনির্দিষ্ট যানবাহনকে লক্ষ্য করে সপ্তাহখানেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে (ফুয়েল পাস চালু) যেতে পারবো।
