এটিজেএফবির ‘বিউটিফুল বাংলাদেশ রান’: মুখরিত হাতিরঝিল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করে এ খাতের অন্যতম অংশীদার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

শুক্রবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্তে এই রান উৎসব শুরু হয়। রান শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসান, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হমৌদি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরনান্দো ডায়াস ফেরেস, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পানওয়ামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার এবং পেশাদার রানারসহ সাত শতাধিক রানার।

এবার প্রাপ্তবয়স্কদের জন্য ৭.৫ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হয়।

৭.৫ কিলোমিটার (পুরুষ) শ্রেণিতে প্রথম হন এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় সাজ্জাদ হোসেন।
৭.৫ কিলোমিটার (নারী) শ্রেণিতে প্রথম হন সাদিয়া শাওলিন সিগমা, দ্বিতীয় স্বর্ণা এবং তৃতীয় ফারজানা।
২ কিলোমিটার ফান রান-এ প্রথম হন জিসান, দ্বিতীয় অভি ইসলাম এবং তৃতীয় হন জহুরুল।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, “হাতিরঝিলের চারপাশের পরিবেশটা খুব উৎসবমুখর ছিল। এই আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত।” বাংলাদেশের পর্যটনের প্রসারে সব ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্পন্সর ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, “আয়োজনটি অত্যন্ত উপভোগ্য ছিল। পর্যটনের প্রসারে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি।”

আয়োজক সংগঠন এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, “এটি এটিজেএফবির প্রথম ম্যারাথন ইভেন্ট। প্রতিটি রানারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। বাংলাদেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এটিজেএফবি আগামীতে উইন্টার ম্যারাথনের ঘোষণা দিচ্ছে। আশা করছি উইন্টার রানে আপনাদের সবাইকে পাশে পাব।”

এ সময় উপস্থিত ছিলেন এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’-এর চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন।

এই আয়োজনে সহযোগিতায় ছিল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

অনুষ্ঠানে আরও পৃষ্ঠপোষকতা করে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. নাসরীন আক্তার শিমু। পেসার হিসেবে ছিলেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি।

রান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রর মাধ্যমে পাঁচজন বিজয়ীকে ঢাকা থেকে মিলান, জোহান্সবার্গ, ব্যাংকক, মালদ্বীপ এবং কক্সবাজারের রিটার্ন টিকিট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights