এনজোর লাল কার্ডেই বদলে যায় ম্যাচের চিত্র?

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর প্রথমবার মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যাচের শেষ দিকে তার লাল কার্ড এবং পরবর্তী সময়ে স্পেনের জয়সূচক গোল নিয়ে আলোচনা হলেও, শিরোপা হারানোর হতাশার মাঝেও দলের প্রতি গর্ব ও দেশের জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়েছেন চেলসির এই তারকা।

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো। তার বিদায়ের কিছুক্ষণ পরই ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ নিশ্চিত করে স্পেন।

ফাইনালে প্রথম হলুদ কার্ড দেখেন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায়। পরে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ফাইনালের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এনজো বলেন, শুধু ফলাফলই সবকিছু নয়। তার মতে, আর্জেন্টিনা দল বছরের পর বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছে, সেটিই সবচেয়ে বড় বিষয়।

তিনি লেখেন,‘সময়ের সঙ্গে বুঝতে পারি, শুধু ফলই সব কিছু নয়। এই দল আমাদের দেশকে বহু বছর ধরে দারুণভাবে প্রতিনিধিত্ব করেছে। প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনও হাল না ছাড়া।’

দলের অংশ হতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় উল্লেখ করে এনজো বলেন,‘আমরা সবসময় সর্বোচ্চ পর্যায়ে লড়াই করেছি এবং গর্ব, বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছি।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিশ্বকাপজুড়ে সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বের যেখানেই খেলেছেন, সমর্থকেরা তাদের ঘরের অনুভূতি দিয়েছেন।

লাল কার্ড ও ফাইনাল হারের হতাশা সত্ত্বেও জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকার অটুট থাকবে বলে জানিয়েছেন এনজো। তিনি বলেন,‘দেশের জার্সি গায়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ভবিষ্যতেও যখনই সুযোগ পাব, দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights