এনসিপি ছাড়ার কারণ জানালেন ডা. তাসনিম জারা

অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এনসিপি থেকে তার সরে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন নিজেই এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ডা. তাসনিম জারা জানান, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দলীয় রাজনীতি ছাড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। প্রতিটি জায়গায় জটিলতা বিদ্যমান, যেখানে যারা ক্ষমতায় আছেন, তারাই অনেক সময় নিজেদের জবাবদিহি নিজেরাই নির্ধারণ করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হচ্ছে, সে আলোচনা চলমান রাখা জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবেন, তাদের কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও সময়ের দাবি।

জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে চায় না। জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তিনি এনসিপি ছাড়ার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে পরবর্তী সময়ে তিনি স্পষ্ট করেন, আসন্ন সংসদ নির্বাচনে তিনি দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights