এবারের বিশ্বকাপ সবার জন্য কঠিন, এখন কোনো ফেভারিট নেই : স্কালোনি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে একের পর এক বড় দলের বিদায়ের পর বদলে যাওয়া বাস্তবতার কথা তুলে ধরলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের বিশ্বকাপে আর কোনো দলকে আলাদা করে ফেভারিট বলা যাচ্ছে না। প্রতিটি ম্যাচেই শক্তিশালী দলগুলোকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের আসরটি সব দলের জন্যই কঠিন হয়ে উঠেছে।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই।’

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউট পর্বের প্রথম ম্যাচে বড় পরীক্ষার মুখে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে ৩–২ গোলের জয় তুলে নিয়ে শেষ আটের পথে এগোয় তারা।

শুধু আর্জেন্টিনাই নয়, অন্য শক্তিশালী দলগুলোর অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। গত দুই বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়ে-কে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে। স্পেন আবার পর্তুগালকে হারিয়েছে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের গোলে।

এদিকে পরপর দুই দিনে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস-কে। প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে তো গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি।

এসব উদাহরণ টেনে স্কালোনি বলেন, ‘আগের বিশ্বকাপগুলোর মতো এবার কোনো জাতীয় দলকেই স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। আগের আসরগুলোর তুলনায় এবার পরিস্থিতি অনেক ভিন্ন। চার-পাঁচটি দলকে বিশ্বকাপের আগে সম্ভাব্য ফেভারিট হিসেবে ধরা হয়েছিল। কিন্তু তারা এখনও সেই মানের ফুটবল খেলতে পারেনি, যা সবাই প্রত্যাশা করেছিল।’

এর পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তার মতে, টানা ম্যাচের চাপ, দীর্ঘ ভ্রমণ, তীব্র গরম, মাঠের অবস্থা এবং ঘাসের মান সব মিলিয়ে খেলোয়াড়দের সেরা ফুটবল খেলাটা কঠিন হয়ে পড়েছে। খেলোয়াড়দের ওপর অনেক ম্যাচের ধকল জমে গেছে। ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা ও ঘাস সবকিছু মিলিয়ে নিজের সেরাটা দেখানো সহজ নয়।’

তবে নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। চারটি ম্যাচেই জয় পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও উন্নতির সুযোগ এখনো রয়েছে বলে মনে করেন তিনি। স্কালোনি বলেন, ‘আমাদের পারফরম্যান্স গ্রহণযোগ্য। আমরা চারটি ম্যাচই জিতেছি, এটিই সন্তুষ্টির বিষয়। তবে জিতলেও উন্নতির সুযোগ সব সময় থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights