এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রবদবল। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাত রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১২ কর্মকর্তাকে সদর দপ্তরে ফেরানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশ অনুযায়ী মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।
এ ছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশ ফেরানো হচ্ছে।

আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে দেশে আসার কথা বলা হয়েছে।

অপরদিকে, পুলিশ বিভাগের পাশাপাশি প্রশাসনেও সংস্কার শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনও করা হয়েছে। সামনে আরও পরিবর্তন আনা হবে বলে জানা গেছে। প্রশাসনের শীর্ষ পদ সচিব পদে রদবদল শুরু হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের অনেকের চুক্তি বাতিল করা হচ্ছে। নতুন সচিব নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights