এবার পিএসএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

অনলাইন ডেস্ক

জাতীয় দলে খেলার জন্য এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তাসকিন বলেন, মুলতান সুলতান্স থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, ‘সে বললো তুমি ফিট আছো তাও মনে হয় আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি খেলো আর যদি লেগে যায় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে।’ পরে ভাবলাম তিন ম্যাচের জন্য যেয়ে কী আর হবে।’

তিনি আরও বলেন, ‘দিন শেষে বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে বা ম্যানেজমেন্ট আছে। যেহেতু এতো গুরুত্বপূর্ণ একটি সিরিজ। গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’
গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন। সিরিজের মাঝখানেই তখন আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু জাতীয় দলকে মাথায় রেখে সেটাও ফিরিয়ে দিয়েছিলেন এই পেসার। পরে অবশ্য বোর্ড থেকে সম্মানিও পান।

তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি তাহলে ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এইটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনেই হবে।’

এদিকে আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights