এমপি পদ থেকে নজরুলকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা প্রতিনিধি:

নারীকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদ্য জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরার শ্যামনগরের স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ জনতা তার কুশপুত্তলিকা দাহ করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ও বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুর এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরী মরিয়মের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পর আরও এক তরুণীর সঙ্গে সম্পর্কের ভিডিও ফুটেজ সামনে এসেছে। তাদের দাবি, এমন অভিযোগে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। দ্রুত তাকে বহিষ্কার করে সংসদকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তারা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকশ মানুষ মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন। রুস্তম আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতা হেলাল, ব্যবসায়ী আবু সিদ্দিক ও শিক্ষক পরিমলসহ অনেকে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে বংশীপুর পোনার আড়ত চত্বরে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা পৃথক প্রতিবাদ সমাবেশ করেন। পল্লী চিকিৎসক জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মুনজুর হোসেন, বাপ্পী মণ্ডল, দেবদাস মণ্ডল, খাইরুল ইসলাম ও তৌহিদ হোসেন।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজী নজরুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দেন। পাশাপাশি পদত্যাগ ছাড়া শ্যামনগরে ফিরলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights