এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ ইন্টার্ন চিকিৎসকের যোগদান
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য পাসকৃত ১০১ জন ইন্টার্ন চিকিৎসক যোগদান করেছেন। শনিবার হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের আয়োজনে ২৭তম ব্যাচের এসব ইন্টার্ন চিকিৎসকদের যোগদান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এর আগে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শেষে ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান। এসব ইন্টার্ন চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে সদ্য পাসকৃত শিক্ষার্থী।
এছাড়া বক্তব্য রাখেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, উপ-পরিচালক ডা. মো. নবিউর রহমান।
আলোচনার শুরুতে কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর (প্রধান সমন্বয়ক), সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্নরকম দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনা করেন। আরও বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. রামিম নুরসহ চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা।
